shomoynew_wp969 বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে : ওবায়দুল কাদের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে : ওবায়দুল কাদের


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২২ ১৮:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে। বিএনপি আগুনের খেলা খেলছে। বিএনপি গতকাল দেশের জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় কেনা সরকারি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে। তাই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের খেলা হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের শেরপুরের জনতা প্রস্তুত হয়ে যান। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। তাদের করা আঘাতের প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমরা বাংলাদেশকে আরও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট করেছেন। আজকে দেশ উন্নয়নের অনেক উঁচুতে উঠেছে। আমাদের দিকে সারাবিশ্ব বিস্ময় নজরে তাকিয়ে আছে। আমাদের দেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশ হবে দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ স্বাধীন হবে না। তারা এখন এই উন্নত বাংলাদেশে বসবাস করেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

সম্মেলনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top