shomoynew_wp969 ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯

ফাইল ছবি

চরম কূটনৈতিক বৈরিতা ও উত্তেজনা সত্ত্বেও এখনও ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইরানের পরমাণু চুক্তি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিক্ততা চলছে। গত বছর জুন মাসে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধেও জড়িয়ে পড়েছিল ইরান।

১২ দিনের সেই সংঘাত শেষে যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে দু’দেশের মধ্যে, কিন্তু তিক্ততা একটুও কমেনি। সম্প্রতি ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী বিক্ষোভের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরান যদি বিক্ষোভকারীদের প্রতি সহিংসতা চালায়, তাহলে দেশটিতে মার্কিন বাহিনী সামরিক অভিযান শুরু করতে পারে।

পরে অবশ্য আর অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র, তবে অতি সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন-সহ বিশাল এক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা হামলার আশঙ্কাকে উসকে দিচ্ছে।

গতকাল রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “ইরানের জনগণ ট্রাম্পের বাগাড়ম্বর নিয়ে ভীত নয়; বরং মার্কিনিদের এটা জানা থাকা উচিত যে যদি তারা যুদ্ধ শুরু করে— তাহলে এবার তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না— পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।”

খামেনি এই মন্তব্য করার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকরা এ ব্যাপারে প্রেসিডেন্টে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই, তিনি এমন মন্তব্য করতেই পারেন।”

“আশা করি আমরা (ইরানের সঙ্গে) একটা সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারব। যদি তা না পারি, সেক্ষেত্রে তিনি (খামেনি) সঠিক কি না— তা যাচাই করব”, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top