shomoynew_wp969 বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ১১:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

ছবি সংগৃহীত

বিয়ের প্রস্তুতি হিসেবে নিমন্ত্রণ জানাতে আত্মীয়-স্বজনদের বাড়িবাড়ি ছুটছিলেন স্বর্ণ ব্যবসায়ীবিজয় ধর (২৪)। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেছে তার ছোটাছুটি। এক নিকটাত্মীয়কে দাওয়াত দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারান বিজয় ধর। বিয়েবাড়িতে এখন উৎসবের বদলে চলছে মাতম।

রোববার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরহাট পৌর এলাকার নানুপুর-মাইজভান্ডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন বিজয় ধরের বন্ধু রাজেশ ধর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ির রুপাল ধরের ছেলে নিহত বিজয় ধর। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে— প্রতিবেশী এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিজয় ধরের। পরে দুই পারিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক করা হয় আগামী শুক্রবার (১৪ অক্টোবর)।

বিজয় ধরের ছোট ভাই অজয় ধর জানান, ‘বিজয় দাদার শুক্রবার বিয়ের কথা ছিল। রোববার আমার এক খালার বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিল। ফেরার পথে নাজিরহাট পৌরসভা এলাকায় দুর্ঘটনায় হয়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার (১০ অক্টোবর) বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ও গাড়ির চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top