shomoynew_wp969 ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই’ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই’


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

ফাইল ছবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও স্বর্ণালঙ্কারের সাথে বিভিন্ন সময় বেশকিছু চিরকুটও পাওয়া যায়। এবার ৩ মাস ২৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়া মিলেছে মনোবাসনা পূর্ণ করতে চেয়ে লেখা বিভিন্ন চিঠি ও চিরকুট।

এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেনামে লেখা ওই চিরকুটে একজন লিখেছেন- ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

শনিবার (২৭ ডিসেম্বর) পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। একটি দানবাক্সে ভাইরাল হওয়া চিরকুটটি পাওয়া যায়।

এর আগে বিভিন্ন সময় দানবাক্সের এমন আরও কিছু চিঠি বা চিরকুট ফেসবুকে ভাইরাল হয়েছিল। যেমন একটি চিঠিতে লেখা ছিল- ‘ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখ আল্লাহ।’ আরেকটি চিরকুটে একজন নারী লিখেছিলেন, ‘হে আল্লাহ আপনি আমার স্বামীকে পাগলা মসজিদের ওসিলাতে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন।’

টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীসহ ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সকল ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হবে, যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ শেষ দিকে। খুব শিগগিরই কাজ শুরু করতে পারব।

তিনি বলেন, এবার আমরা তিন মাস ২৭দিন পর দানবক্স খুলেছি। পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করেছেন।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদটিতে ১৩টি লোহার দানবক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবক্সগুলো খোলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top