shomoynew_wp969 রং সাইড থেকে এসে আরেক বাসে সজোরে ধাক্কা, সড়কে প্রাণ গেল ৩ জনের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রং সাইড থেকে এসে আরেক বাসে সজোরে ধাক্কা, সড়কে প্রাণ গেল ৩ জনের


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ০৬:০৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯

ছবি সংগৃহীত

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে আজিজুল হক (৬২) , ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা বিভূতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি নির্দিষ্ট পথ ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি নিজের সীমা লঙ্ঘন করে রং সাইডে গিয়ে রয়েল পরেবহনের বাসটির সামনের দিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আহত হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকাল বাসের তিনজন নিহত ও উভয় বাসের ২৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুই বাসের ২৭ জন যাত্রী আহত হন। দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বাস দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top