shomoynew_wp969 গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ০৬:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই হতে হবে একমাত্র পথ।

শনিবার (২১ জুন) সকাল ১০টার দিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত দায়িত্বশীলদের সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার হাতে ইতোমধ্যে একটি নোবেল এবং অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে সামনে আরও একটি নোবেল পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে আপনি সঠিক লাইনে উঠিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করুন। আমরা চাই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক—লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দেশ ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনো হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায় হয়ে আছে। পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। তাই বাংলাদেশকেও এমন ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানের সভাপতি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্য কিংবা বিশেষ দলের প্রতি অনুরাগ জনগণ মেনে নেবে না। মানুষ অনেক দলকে দেখেছে, শান্তি পায়নি। এখন ইসলামী শাসন দেখতে চায়। জনগণের মনের চাওয়া হচ্ছে জামায়াতে ইসলামী, তাই তাদের চাওয়ার প্রতিফলন ঘটাতে জামায়াতের প্রত্যেক জনশক্তিকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top