shomoynew_wp969 ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে সাবেক ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ীর মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে সাবেক ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ০৭:২২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে আটক সাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছেন এক সাবেক ছাত্রদল নেতা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মামুন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সালাহউদ্দিন কাদের।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মামুন। এর আগে বিকেলে তিনি উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানান, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা কয়েকদিন আগে এলাকায় প্রবেশ করেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। খোকাকে আটকের খবর পেয়ে তার বন্ধু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যান বাবু।

পরে উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গণপিটুনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবু পলাতক। এ ঘটনায় মামুনের পরিবার রাতেই থানায় জায়েদুল ইসলাম বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top