shomoynew_wp969 মহাসড়কে সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মহাসড়কে সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ


প্রকাশিত:
৪ জুন ২০২৫ ০২:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

ছবি সংগৃহীত

কুমিল্লা-সিলেট মহাসড়কে দুই শতাধিক গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে সড়কে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, গত কয়েকবছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে।

বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। যানটি বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে উল্টে যায়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ‘প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে গেছে।’

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপপরিচালক নিউটন দাস বলেন, ‘ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top