shomoynew_wp969 তিন সহযোগীসহ কিশোর গ্যাং নেতা ইলিয়াস মোল্লা আটক, অস্ত্র উদ্ধার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তিন সহযোগীসহ কিশোর গ্যাং নেতা ইলিয়াস মোল্লা আটক, অস্ত্র উদ্ধার


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ০৮:২০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯

ছবি সংগৃহীত

গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে তার তিন সহযোগীসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার ভোর রাতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকা হতে তাদের আটক করা হয়।

সূত্রে জানায়, শনিবার ভোর রাতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনীর একটি টিম বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করে তারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে বিশাল আকৃতির রামদা, ছুরি ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে বাঘের বাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

তিনি স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়া সম্প্রতি সে সেনাবাহিনীর টহল টিমের সামনেই অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়।

স্থানীয়রা জানান, কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াস মোল্লা গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।

জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে। আটক চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top