shomoynew_wp969 ১৫ মে থেকে নাটোরে আম পাড়া শুরু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


১৫ মে থেকে নাটোরে আম পাড়া শুরু


প্রকাশিত:
৮ মে ২০২৫ ০৫:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৫

ছবি সংগৃহীত

নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফ্ফর জাতের লিচু গাছ থেকে পারার সময়সীমা নির্ধারণ করেছে নাটোর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আম-লিচু আহরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আবহাওয়ার তারতম্যে নির্ধারিত সময়ের আগে আম ও লিচু পেকে গেলে সে ক্ষেত্রে গাছ থেকে পারতে অনুমতি নিতে হবে ইউএনও ও কৃষি বিভাগের।

নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান খান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহাঙ্গীর ফিরোজসহ আম ও লিচু চাষি এবং ব্যবসায়ীরা।

সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারতে শুরু করতে পারবেন চাষিরা। এ ছাড়া মোট ১৫ জাতের আম পাড়া যাবে ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত। আর লিচু ২৫ মে পর্যন্ত। নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আড়ত ও বাগানগুলোতে পরিচালিত হবে মোবাইল কোর্ট। এ ছাড়া কম খরচে রাজধানীসহ বিভিন্ন জেলায় আম পাঠাতে ডাক বিভাগের পাশাপাশি ট্রেনের স্পেশাল সার্ভিসগুলো কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা সভায় জানানো হয়।

সময়সূচি অনুসারে আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণী পছন্দ ও খিরসাপাত, ২ জুন থেকে লক্ষনভোগ, ১২ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ, ফজলি ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি। এ ছাড়া সভায় ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সব প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে ক্যামিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নাটোর জেলায় চলতি বছরে ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৬ হাজার ৫০৮ টন লিচু এবং ৫ হাজার ৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top