shomoynew_wp969 নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষকের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষকের মৃত্যু


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫ ০৪:৫৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

ছবি সংগৃহীত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল হামিদ খান সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ছাত্র-ছাত্রীদের টিউশনি করাতেন।

নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে স্থানীয় মাদরাসার অধ্যক্ষের সঙ্গে নাশতা শেষে বাদুয়ারচর এলাকার একটি বাসায় টিউশনি করতে যাচ্ছিলেন হামিদ খান। ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকায় অসতর্কভাবে রেললাইনে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই ট্রেনেই তার মাথা কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানালে সকাল ১০টার দিকে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান মারা গেছেন। তার পরিবারের সদস্যরা অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর চেয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top