shomoynew_wp969 ঝড়ো হাওয়ার সঙ্গে ফেনীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সাড়ে ৪ লাখ মানুষ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ঝড়ো হাওয়ার সঙ্গে ফেনীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সাড়ে ৪ লাখ মানুষ


প্রকাশিত:
২৭ মে ২০২৪ ০৩:০৪

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭

ছবি- সংগৃহীত

প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে রোববার (২৬ মে) রাত থেকে উপকূলীয় জেলা ফেনীতে তীব্র ঝড়ো হওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, গতকাল রাত থেকেই উপজেলাগুলোতে বিদ্যুৎ ছিল আসা-যাওয়ার মাঝে। জেলা শহরে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে বেশির ভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরশুরামের বীরচন্দ্র নগর গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসের কারণে কিছু গাছপালা উপড়ে পড়েছে। ফলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

সোনাগাজীর চরচান্দিয়া এলাকার বাসিন্দা আবদুর রহমান ফারহান বলেন, মধ্যরাত থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। এখন পর্যন্ত (সোমবার দুপুর ১২টা) আমরা নিরাপদে আছি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও লোকালয়ে প্রবেশ করেনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, রাত থেকেই ঝড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আ.স.ম. রেজাউন নবী বলেন, তীব্র ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর ৫টা থেকে ৩০ হাজারের অধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টি বন্ধ হলে লাইন মেরামতে কাজ শুরু হবে।

ফেনী আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আজ সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো ১২ থেকে ১৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top