shomoynew_wp969 থানায় হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৯ জন ৬ দিনের রিমান্ডে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


থানায় হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৯ জন ৬ দিনের রিমান্ডে


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৪ ০৪:৫৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪

ছবি- সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান নুরুসহ তার ৯ সহযোগীকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পরে গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল এবং মাদক উদ্ধারের ঘটনায় আরেকটি মামলায় মঙ্গলবার আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য্য ছিল।

গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, দুইটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিন করে দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির সময় গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। তারা হলেন, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তার সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল, এবং ওহাবুজ্জামান।

গত ৬ এপ্রিল রাত ৯ টার দিকে শাজাহানপুর থানা পুলিশ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১০ টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারপিট করে আটক মিঠুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা মহাসড়ক অবরোধ করে। সেখান থেকেও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। থানায় হামলা এবং মহাসড়কে ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের ৮ জন সদস্য আহত হন।

ওই রাতেই পুলিশ নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ১৫ রাউন্ডগুলিসহ দুইটি বিদেশি পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় দুই মামলা দায়ের করা হয়।মামলা দুইটি জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) তদন্ত করছেন।

এদিকে নুরুজ্জামান নুরু গ্রেফতারের পর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নুরুজ্জামান নুরুকে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top