shomoynew_wp969 রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ০০:২৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

ফাইল ছবি

তীব্র শীতের কারণে রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এই বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতা কমে এলে আবারও যথারীতি পাঠদান চালু করা হবে।

তিনি আরও জানান, আবহাওয়া অফিসের তথ্যমতে আজ ও কাল রংপুর বিভাগে তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সেজন্য বিদ্যালয় বন্ধের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রংপুর বিভাগের আট জেলাতেই সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র শীতে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

সারাদেশে জেঁকে বসা শীতের কারণে গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতর এক নির্দেশনা দেয়। সেখানে জানানো হয়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

তীব্র শীতের কারণে গত ২২ জানুয়ারি তিনদিনের জন্য রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু তাপমাত্রার পরিস্থিতি উন্নতি না হওয়ায় এবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top