shomoynew_wp969 ত্রাণ প্রতিমন্ত্রী ও স্বতন্ত্রকে হারিয়ে ঢাকা-১৯ আসনে বিজয়ী সাইফুল | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ত্রাণ প্রতিমন্ত্রী ও স্বতন্ত্রকে হারিয়ে ঢাকা-১৯ আসনে বিজয়ী সাইফুল


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪ ০০:১৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে চমক জাগিয়ে জয়লাভ করেছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।

সংসদীয় ১৯২ আসনের সহকারী রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, ট্রাক প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪,৪১২ ভোট।

ঢাকার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত এই আসনে ২৯২ কেন্দ্রে ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬,৪১৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ২,২২,৬৫০টি। ৪,০৯১টি বাতিলের পর বৈধ ভোট ছিল ২১৮,৫৫৯টি।

রোববার (৭ জানুয়ারি) দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬,২০২ ভোট। এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান পেয়েছেন ৫৬,৩৬১ ভোট।

নির্বাচনের পুরো সময় ধরেই জাতীয় পর্যায়ে আলোচিত ছিল ঢাকা-১৯ আসন। দশ বছর রাজনীতিতে ফিরে চমক জাগিয়েছিলেন তালুকদার তৌহিদ জং মুরাদ। অনেকেই ধারণা করেছিলেন, স্বতন্ত্র মুরাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের। এমনকি নৌকার পরাজয়ও ঘটতে পারে।

তবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ঈগল নয়। বরং জয়লাভ করেছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ সদস্যের ভোটে আসা সাইফুল ইসলাম।

এ আসনের অপর প্রার্থীরা ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীকে ৫৪১ ভোট পেয়েছেন, গণফ্রন্টের নুরুল আমীন মাছ প্রতীকে ১১০ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান সোনালী আঁশ প্রতীকে ২৬৮ ভোট পেয়েছেন, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঁঠাল প্রতীকে ১৮৭ ভোট পেয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ডাব প্রতীকে ১৭৭ ভোট পেয়েছেন, বিএনএমের সাইফুল ইসলাম নোঙ্গর প্রতীকে ১৩৭ ভোট পেয়েছেন ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো: জুলহাস একতারা প্রতীকে ১৬৬ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top