shomoynew_wp969 আ.লীগের দোয়া মাহফিলে খাবার না পেয়ে চেয়ার ভাঙচুর | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


আ.লীগের দোয়া মাহফিলে খাবার না পেয়ে চেয়ার ভাঙচুর


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ০২:২৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১

ছবি-সংগৃহীত

জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে খাবার না পেয়ে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, গতকাল রোববার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আলোচনা সভায় খাবারের আয়োজন করেন ওই অনুষ্ঠানের আয়োজন কমিটির। সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শেষ হয়। খাবার রান্না হতে দেরি হওয়ায় স্থানীয় অতিথিরা অপেক্ষা করতে থাকেন। পরে রান্না শেষে খাবার বিতরণ শুরু হয়। বিতরণের মাঝেই হঠাৎ খবর আসে খাবার শেষ হয়ে গেছে। এমন সময় খাবারের অপেক্ষায় থাকা লোকজন উত্তেজিত হয়ে পড়ে। এসময় স্থানীয় অতিথিরা বিক্ষুব্ধ হয়ে অর্ধশত চেয়ার ভাঙচুর করে ও হট্টগোল করে।

দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপন বলেন, অনুষ্ঠানে অনেক লোকজন হয়েছিল। খাওয়ার সময় সবাই এক সঙ্গে ভিড় করে। হঠাৎ করে কিছু লোক হট্টগোল শুরু করেছিল।

অনুষ্ঠানের সভাপতি আইয়ুব আলী বলেন, আমি অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এসেছি। প্রায় ৩ হাজার মানুষের ভাতের আয়োজন করা হয়েছিল। পরে শুনেছি খাবার বিতরণের সময় হট্টগোল হয়েছে।

এই ঘটনায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, অনুষ্ঠান শেষে পুলিশ চলে এসেছে। শুনেছি খাবার না পেয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top