shomoynew_wp969 সাতক্ষীরার সড়কে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ১৭ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাতক্ষীরার সড়কে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ১৭


প্রকাশিত:
১৬ মে ২০২৩ ০৮:২৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

ছবি সংগৃহিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু মিয়ার ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের হযরত আলীর ছেলে ইয়াসিন আলী (১৯), সদর উপজেলার ধুলিহর গ্রামের নেছার আলীর ছেলে শুকুর আলী (৫০) ও একই উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইমন হোসেন (১৯)।

এছাড়া সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাপস কুমার দাশ (৪০), শাহিদুল ইসলাম (৩৫), মামুন হোসেন (২৩), শাহিন (২১) ও শ্রমিকদের বাবুর্চি ফরিদা বেগম (৫০)। আহত আরও ৯ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিক তাপস কুমার দাশ জানান, তারা ২৪ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটার জন্য শরিয়তপুর গিয়েছিলেন। মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে সোমবার রাতে একটি পিকআপ ভাড়া করে তারা সাতক্ষীরায় আসছিলেন। কিন্তু গাড়িটি চালাচ্ছিল পিকআপের হেলপার। তারা নিষেধ করার পরও হেলপার গুরুত্ব দেয়নি। পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৯ জনের মত শ্রমিক কমবেশি আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আসার পর সুমন হোসেন মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যান আবুল হোসেন। আহত আরও ৯ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান সুমন জানান, আহত শ্রমিকদের হাসপাতালে আনার পর সুমন হোসেন মারা যান। সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাশি বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার আধিকারী জানান, পিকআপে ধানকাটা শ্রমিকরা শরিয়তপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরা বাজার সংলগ্ন এলাকায় এসে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাছাড়া অন্তত ১৭ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানাতে কেউ অভিযোগ দেয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top