shomoynew_wp969 নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
১৪ মে ২০২৩ ১১:৩৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

 ফাইল ছবি

নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ইয়াছিন নামে আরেক কিশোর আহত হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার চরপাড়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে রাজন ও ইয়াছিনকে পাইকসা গ্রামে এরশাদ ওরফে খুকু মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করেন। পরে চোর সন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পার্শ্ববর্তী আশরাফ টেক্সটাইল মিলের পাশে একটি পরিত্যক্ত ঝোপে ফেলে রাখেন।

পরে রোববার (১৪ মে) সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে রাজনের মৃত্যুর খবর পুলিশকে জানান। পুলিশ এসে ওই ঝোপ থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের স্বজনরা বলেন, অভিযুক্ত এরশাদ একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। এই ব্যবসার জের ধরে প্রায় সময়ই কিশোরদের রাস্তা থেকে ধরে এনে মারধর করেন। গতকাল শনিবার রাতেও ইয়াসিন ও রাজনকে রাস্তা থেকে ধরে এনে মারধর করেন। একপর্যায়ে রাজন মারা গেলে এরশাদ বাড়ির পাশে একটি ঝোপে ফেলে রাখেন। যদি এরা কোনো অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। তাদের পুলিশের কাছে দেবে, এমন নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলবে? আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এদিকে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি চোর সন্দেহে রাজন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ঝোপের মধ্য থেকে মরদেহ উদ্ধার করি। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এরশাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কোনো মামলা রয়েছে কিনা তাও আমরা খোঁজ করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top