shomoynew_wp969 নৌকা কেড়ে নিয়ে ৪ জেলেকে পেটাল বিএসএফ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নৌকা কেড়ে নিয়ে ৪ জেলেকে পেটাল বিএসএফ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ১৫:৪৬

আপডেট:
২৩ অক্টোবর ২০২০ ০৫:১৭

নির্যাতিত চার জেলের মধ্যে তিনজন। ছবি : সংগৃহীত

রাজশাহী সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাতে নির্যাতনের শিকার ওই জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। নির্যাতিতরা হলেন রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মো. আলম, তার ছেলে আনোয়ার, সিফাত ও কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ ধরার সময় বুধবার (২১ অক্টোবর) ভোরে পদ্মা নদী থেকে ওই চার জেলেকে তিনটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়।

এই চার জেলের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের বিএসএফ তাদের ছেড়ে দিলে তারা বাড়ি ফিরে আসেন। বিএসএফ ওই চার জেলেকে ছেড়ে দিলেও তাদের দুটি নৌকা ফেরৎ দেয়নি বলেও জানান চেয়ারম্যান।

বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, ‘মোট তিনটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভালো দুটি নৌকা বিএসএফ দেয়নি। জেলেরা সব এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা তৈরি করেন। একেকটি নৌকার দাম লাখ টাকা। নৌকা দুটি ফেরত পেলে ভালো হয়।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে তাদের এ বিষয়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানাবেন। নৌকা ফেরত আনার চেষ্টা করবেন বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top