shomoynew_wp969 পাচারকারীর প্যান্টের পকেটে মিলল ৪৮ লাখ টাকার স্বর্ণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পাচারকারীর প্যান্টের পকেটে মিলল ৪৮ লাখ টাকার স্বর্ণ


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৩ ১১:৩২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫

ছবি সংগৃহিত

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে মো. সেলিম (৩৩) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে পাচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক মো. সেলিম কুমিল্লা জেলার হোমনা থানাধীন নিলখী গ্রামের মো. রওশন আলীর ছেলে।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে চোরাকারবারিরা স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের অদূরে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভ্যান থেকে সেলিমকে আটক করা হয়। পরে সেলিমের পরিহিত প্যান্টে বিশেষভাবে তৈরিকৃত পকেটের মধ্যে লুকায়িত পাচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা। আটক সেলিমের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

অপরদিকে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে সাত লাখ টাকার ভারতীয় হিরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে একটি বিশেষ টহল দল দর্শনা হল্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে তৃতীয় বগির ভেতরের ক্যারিয়ারের ওপর থেকে একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করা হয়। পরে এর মধ্যে থেকে ৩৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দ করা হেরোইনের অনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় অভিযান পরিচালনাকারী চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অন্তর্ভুক্ত দর্শনা বিওপির কমান্ডার সুবেদার মো. নওশের আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top