সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬, ৩০শে চৈত্র ১৪৩২
ফাইল ছবি
গত রবিবার প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছেন টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে স্টেডিয়াম অফ লাইটে টটেনহ্যাম গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা লেগে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা। রোমেরোর চোট ঠিক কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও, ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। স্ট্রেচারের প্রয়োজন না হলেও সতীর্থদের কাঁধে ভর দিয়ে এবং তাদের সান্ত্বনায় মাঠ ছাড়ার সময় তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।
আগামী জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে রোমেরোর এই চোট আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লিওনেল স্কালোনির বর্তমান চ্যাম্পিয়ন দলে রোমেরো রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা। অন্যদিকে, মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলা চালিয়ে যান গোলরক্ষক কিনস্কি।
স্পার্সদের নতুন কোচ রবার্তো ডি জারবি রোমেরোর চোটকে 'খুবই খারাপ সংবাদ' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "আগামী কয়েকদিনের মধ্যে আমরা আসল অবস্থা বুঝতে পারব। আশা করি এটি বড় কোনো সমস্যা নয়, কারণ আমাদের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মৌসুম শেষ করতে এবং আমাদের লক্ষ্য অর্জনে তাকে আমাদের প্রয়োজন।"
এই হারের ফলে টটেনহ্যাম ১৮ নম্বর অবস্থানে থেকে রেলিগেশন জোনেই আটকে রইল। লিগে আর মাত্র ছয়টি ম্যাচ বাকি থাকতে তারা ১৭ নম্বর স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে।
এদিকে আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ 'জে'-তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)