বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২


স্কোয়াড চূড়ান্ত করার মিশনে স্কালোনি

ঘরের মাঠ থেকে বিদায়ের পর ফের খেলতে নামছেন মেসি, বিশ্বকাপেও খেলবেন?

খেলা ডেস্ক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ১৩:৪৪

ফাইল ছবি

ফাইল ছবি

লিওনেল মেসি বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে নামতেই আর্জেন্টিনা জাতীয় দলের আলোকচিত্রী তাতো পাগানোর ক্যামেরার ফ্ল্যাশ তার দিকে ছুটে যায়। সেসব ছবি পরমুহূর্তেই ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম এক্স (টুইটার), ইনস্টাগ্রামে।

যেন ‘অরা’ এসে দাঁড়িয়ে তার আলো ছড়াতে শুরু করেছে আশপাশে। মাঠে সতীর্থদের পথ দেখান তিনি, আলো ছড়ালেন স্ক্রিনেও। সামনে আরেকটি বিশ্বকাপ, যার জন্য স্কোয়াড চূড়ান্ত করার আগে আলবিলেস্তে দল নিয়ে অধিনায়ক মেসি মাঠে নামছেন।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি দিয়ে ঘরের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বলা হচ্ছিল– এটাই সম্ভবত মাতৃভূমিতে মেসির শেষ অফিসিয়াল ম্যাচ। সে কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে তাকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয় এস্তাদিও মনুমেন্তালে। কিন্তু কাকতালীয়ভাবে আবারও যে তাকে সেখানে খেলতে যেতে হবে সেটি কল্পনায়ও ছিল না। বিভিন্ন ম্যাচ বাতিল, প্রশাসনিক জটিলতা– সব মিলিয়ে অনিশ্চয়তার মাঝেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

আসন্ন দুই ম্যাচের সূচি চূড়ান্ত করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিসিমা ও কাতারের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বাতিল হয়। বিকল্প ভেন্যুতে স্পেন ম্যাচ আয়োজনের আলোচনা চললেও, শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। এরপর গুয়াতেমালার সঙ্গে সূচি ঠিক করার পর ফিফার অনুমতি না পাওয়ায় বাতিল হয় সেই ম্যাচও। এরপর জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে খেলার ফিক্সচার দিয়েছে আলবিলেস্তেরা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের তিন মাসেরও কম সময় বাকি, আর আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। তবে জুনের শুরুতে এজেইজা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিতে যাওয়া বিমানে মেসি উঠবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। যদিও তিনি ইতিবাচক ইঙ্গিত–ই দিয়েছেন। অ্যাডিডাসের বিশ্বকাপ জার্সি উন্মোচনে তার বলা ‘আমি চার নম্বরটি চাই’ ছিল একটি বড় বার্তা। গত বছরের শেষদিকে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বৈঠক শেষেও তার করা পোস্ট– ‘স্বপ্ন অটুট, আবার একসঙ্গে’। এসবই তার বিশ্বকাপ খেলার ইঙ্গিত দেয়। তবুও আনুষ্ঠানিক সম্মতি এখনও বাকি। পুরো দেশও অপেক্ষায় সেই কাঙ্ক্ষিত খবরটি শোনার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া মেগা ইভেন্টের জন্য আসন্ন দুটি প্রীতি ম্যাচ শেষেই স্কোয়াড ঘোষণা করার কথা জানিয়েছেন স্কালোনি। সেখানে মেসি থাকলেই ইতিহাস গড়ে ফেলবেন– গড়বেন প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি। যদিও একই রেকর্ডের সামনে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও। তার আগে মেসি আবারও অনুশীলনে ফিরেছেন, সেই পরিচিত কমপ্লেক্সে, যেখানে তিনি জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন। ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন ২৪ জুন, বলতে গেলে বিশ্বকাপ চলাকালেই।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও বরণ করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ককে। এজেইজায় ৩০ জন ফুটবলারের সঙ্গে শুরু হয়েছে আসন্ন দুই ম্যাচের প্রস্তুতি। তাদের মধ্যে অনেকেই বড় হয়েছে মেসির মতো স্বদেশি কিংবদন্তিকে দেখে। নতুন প্রজন্ম– মাস্তান্তুয়োনো, গিয়াই, রোহাস, টমাস প্যালাসিওস, পানিচেল্লি ও হোসে ম্যানুয়েল লোপেজের মতো তরুণদের স্বপ্ন মেসির সঙ্গে বিশ্বকাপে খেলা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়