shomoynew_wp969 বিরল ‘লংফিন ব্যাট ফিস’ এর দেখা মিললো কুয়াকাটায় | রকমারি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিরল ‘লংফিন ব্যাট ফিস’ এর দেখা মিললো কুয়াকাটায়


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২২ ১৫:১০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪

মাছটির নাম ‘লংফিন ব্যাট ফিস’। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিস ফ্রাই মার্কেটের দোকানে দেখা মিললো এই সামুদ্রিক মাছটির।

শনিবার (৮ অক্টোবর) রাতে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে মায়ের দোয়া নামের ফিশ ফ্রাই দোকানে দেখা গেছে এই সামুদ্রিক মাছটি।

অনেকটা ভিন্ন এবং প্রথম দেখায় অনেক পর্যটক মাছটি দেখতে ভিড় করেন।

ফ্রাই দোকানি কাওসার জানান, তিনি মাছটি কাল শনিবার কুয়াকাটা মেয়র বাজারের এক জেলের কাছ থেকে কিনেছেন। তিন কেজি ৭৫০ গ্রাম ওজনের এই মাছটি দুই হাজার ৫০ টাকায় কিনেছেন। এখন তিনি সাত শ’ টাকা কেজিতে বিক্রির আশা করছেন।

অধিকাংশ দোকানি এবং পর্যটকের মন্তব্য এর আগে কুয়াকাটায় এই ধরনের মাছ তারা দেখেননি। মাছটি দেখতে ভিড় লেগে যায়।

সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির মূল নাম ‘লংফিন ব্যাট ফিস’ এর বৈজ্ঞানিক নাম (Platax teira) প্লাট্যাক্স টেইরা। এছাড়াও এটিকে টেইরা ব্যাটফিশ, লংফিন স্প্যাডফিশ বা গোলাকার মুখের ব্যাটফিশও বলা হয়। এটি ইন্দো-ওয়েস্ট প্যাসিফিকের একটি মাছ। দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত হয়। কুয়াকাটা এলাকায় সচরাচর এই মাছটি দেখা যায় না।

তিনি জানান, ছোট মুখের এই মাছের গায়ের রঙ হালকা খয়েরি। অনেকটা কোদাল বা বেলচার মতো এই মাছে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সেলেনিয়াম, জিংক ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

এই কর্মকর্তা আরও জানান, এ কারণে অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই সামুদ্রিক মাছটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top