shomoynew_wp969 স্টেডিয়ামের ছাদ ভেঙে পড়ল চিলিতে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


স্টেডিয়ামের ছাদ ভেঙে পড়ল চিলিতে


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ১৬:২৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৩

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি স্টেডিয়ামের গ্যালারির ছাদ ভেঙে দুর্ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। এ ঘটনায় বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চিলির রাজধানী সান্তিয়াগোতে ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিক ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদ। টুইটারে মেজেন্টা আরএইচ নামে একজন একটি ভিডিও শেয়ার করে, যেখানে স্পষ্ট দেখা যায়, ছাদ ভেঙে পড়ার সময় সেখানে কয়েকশ উৎসাহী সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় জরুরিভিত্তিক সেবা দফতরের কর্মীরা দ্রুত সেখানে উদ্ধারকাজ চালান। চিলির এক সংবাদপত্রে লেখা হয়েছে, সমর্থকরা সেই ছাদের ওপর উঠে হইচই, লাফালাফি করতে থাকেন। ফলশ্রুতিতে কাঠামো ভেঙে পড়ে।

চিলির এই ক্লাবের ঐতিহ্যই হচ্ছে, কখনো কখনো সমর্থকদের বিপুল উৎসাহের মধ্যে অনুশীলন করার। তাদের ভাষায় এটাকে বলা হয়, ‘আরেংগাজো।’ সামনে গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ থাকলেই অনেক সময় এটা করা হয়।

রোববার (০২ অক্টোবর) যেমন কোলো কোলো চিলির ডার্বি ম্যাচ খেলবে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিরুদ্ধে।

এদিকে দুটি বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে পড়ে এবং হোর্ডিংগুলোতে ঝুলতে থাকে বেশ কিছু লোক। স্পুটনিক নিউজের মতে, বেশ কয়েকজন ভক্ত আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে কোলোকোলো ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ ঘটনাটা আজই ঘটেছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, যারা স্বাভাবিক আচার-আচরণের প্রতিও বিন্দুমাত্র মর্যাদা দেখায় না। ওই সকল অসভ্য মানুষ ছাদের ওপর লাফালাফি করার ফলে সেই ছাদ ভেঙে পড়ে।’

কিছুদিন আগেই স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হয়েছিল। যে কারণে স্টেডিয়ামটি ধারণক্ষমতা কমিয়ে ৪৭ হাজার দর্শকের মধ্যে সীমাবদ্ধ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top