shomoynew_wp969 বড়দিনের ছুটিতে ওজন বাড়লেই বাদ দেওয়ার হুঁশিয়ারি গার্দিওলার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বড়দিনের ছুটিতে ওজন বাড়লেই বাদ দেওয়ার হুঁশিয়ারি গার্দিওলার


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

ফাইল ছবি

বড়দিনের ছুটিতে ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে কঠোর অবস্থানে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছুটিতে অতিরিক্ত খাওয়া-দাওয়া করেছেন কি না, তা যাচাই করতে ওজন মাপার মুখে পড়তে যাচ্ছেন সিটির ফুটবলাররা। গার্দিওলার সতর্কবার্তা, কারও ওজন বেড়ে গেলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে।

গেল শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রেখেছে সিটি। তবে এত সাফল্যের পরও গার্দিওলা বরাবরের মতোই কঠোর। ইত্তিহাদে থাকার সময়ে ছয়টি লিগ শিরোপা জেতা এই কোচ জানান, সংক্ষিপ্ত বিরতির আগে তার খেলোয়াড়দের ওজন মাপা হয়েছে।

সিটি বস বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে। তারা ২৫ তারিখে ফিরে আসবে এবং আমি নিজে সেখানে থাকব-কত কেজি বেড়েছে তা দেখব, তারা মোটা হয়ে এসেছে কি না।’ তিনি আরও বলেন, ‘তিন দিনের ছুটির পর তারা ফিরে আসার সঙ্গে সঙ্গেই আমি দেখতে চাই কেমন অবস্থায় এসেছে। তারা খেতে পারে, কিন্তু আমি সেটা নিয়ন্ত্রণে রাখতে চাই।’

স্প্যানিশ কোচ জানান, কেউ যদি অতিরিক্ত ওজন নিয়ে ক্লাবে ফেরে, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। তিনি বলেন, ‘ভাবুন একজন খেলোয়াড় একেবারে ফিট, কিন্তু সে তিন কেজি বেশি ওজন নিয়ে ফিরেছে। সে ম্যানচেস্টারেই থাকবে। নটিংহাম ফরেস্টে সে যাবে না।’

ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের বিশ্রাম নেওয়াটা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন গার্দিওলা, যিনি নিজেও স্বল্প বিশ্রামের জন্য বার্সেলোনায় যাচ্ছেন। তিনি বলেন, ‘সূচি এতটাই ঠাসা যে খেলোয়াড়দের কিছু সময়ের জন্য সব ভুলে থাকতে হয়। যত ভালো অবস্থায় তারা ফিরে আসবে, ততই ভালো। ম্যাচের সময় তাদের পায়ে সতেজতা থাকবে।’

তিনি যোগ করেন, ‘খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে এবং ফুটবল ভুলে থাকতে হবে- এটা ভালো। প্রতিদিন ম্যানেজারকে দেখা খুবই কঠিন।’ শনিবারের জয়ের পরও খেলোয়াড়দের একদিনের ছুটি দেননি এই কঠোর কোচ। টানা পঞ্চম লিগ জয় সত্ত্বেও পারফরমেন্স বিচারে তিনি সন্তুষ্ট ছিলেন না।

গার্দিওলা বলেন, ‘খেলোয়াড়রা আমাকে একদিনের ছুটি দিতে বলেছিল। আমি বলেছি, ‘না, কারণ তোমরা যথেষ্ট ভালো খেলোনি। তাই রোববার রিকভারি অনুশীলন রাখা হয়েছে, যারা খেলেনি তাদের ট্রেনিং, এরপর তিন দিনের ছুটি। তারপর নটিংহাম ফরেস্টের জন্য প্রস্তুতির জন্য থাকবে দুই দিন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top