shomoynew_wp969 স্বর্ণার দ্রুততম ফিফটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


স্বর্ণার দ্রুততম ফিফটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫ ১৩:৪৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০

ফাইল ছবি

আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না শারমিন আক্তার-নিগার সুলতানারা। অবশেষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটিতে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

দেখে-শুনে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে আরো একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

স্বর্ণার দ্রুততম ফিফটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। ৭৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে খেলানো হয় পাঁচে। মিডল অর্ডারে সফল তিনি।

মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top