shomoynew_wp969 ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস! | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস!


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ০৩:০৬

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০৩:৩৫

ছবি সংগৃহীত

ব্রাজিল দলে একসময়ের নিয়মিত মুখ নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে নেইমারের অপেক্ষা ফুরোচ্ছে।

আগামী সোমবার বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল জাতীয় দল ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেখানে নেইমারকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

আসন্ন বিশ্বকাপ বাছাই উইন্ডোর দুই ম্যাচের জন্য এরই মধ্যে প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি। প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন তিনি। গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেই ভিনিসিয়ুস জুনিয়র। তার দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদমাধ্যমটি।

বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান ভিনিসিয়ুস। ফলে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়ুসকে জাতীয় দলে ডাকতে চান না আনচেলত্তি। তাই রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামের রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।

এখন পর্যন্ত ‘গ্লোবো’ যেসব খেলোয়াড়ের প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেন- গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

গ্লোবোর খবর সত্যি হলে দীর্ঘ ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি। এখন বিশ্বকাপ সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করেন সেটাই দেখার অপেক্ষা।

আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে ব্রাজিল জাতীয় দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচ দিয়েই শেষ হবে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের যাত্রা।

১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। এখন বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top