shomoynew_wp969 ইতিহাস গড়ে লিভারপুলে জার্মান তারকা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইতিহাস গড়ে লিভারপুলে জার্মান তারকা


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ০২:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

জার্মানির তরুণ প্রতিভা ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইতিহাস গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। বায়ার লেভারকুসেনের এই দুর্দান্ত প্লেমেকারকে ক্লাব রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে টেনেছে মার্সিসাইড জায়ান্টরা। এটি শুধু লিভারপুলের ইতিহাসে নয়, বরং পুরো ইংলিশ ফুটবলের দলবদলের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল চুক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শুক্রবার লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে মেডিকেল পরীক্ষা শেষ করে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন উইর্টজ। ২২ বছর বয়সী এই জার্মান তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি, যা চলবে ২০৩০ সাল পর্যন্ত। নতুন কোচ আর্নে স্লটের অধীনে এটি লিভারপুলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে উইর্টজ বলেছেন,'গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছিল। তাই আমার লক্ষ্য থাকবে আবারও এটা জেতার। চ্যাম্পিয়ন্স লিগেও। আমি উচ্চাকাঙ্ক্ষী। আমার সম্মুখে থাকা অ্যাডভেঞ্চারের জন্য আমি রোমাঞ্চিত।'

এই চুক্তির মধ্য দিয়ে ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে সাড়ে ৭ কোটি পাউন্ডে আনার রেকর্ড ভেঙে দিয়েছে লিভারপুল। উইর্টজের ভিত্তিমূল্য ১০ কোটি পাউন্ড হলেও, পারফরম্যান্সভিত্তিক অ্যাড-অনস মিলিয়ে তা পৌঁছাতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। অ্যাড-অনসগুলো পূর্ণ হলে উইর্টজ ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হবেন, পেছনে ফেলবেন চেলসির এনজো ফের্নান্দেজকে, যাকে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল ব্লুজরা।

মাত্র ১৭ বছর বয়সে ২০২০ সালে বুন্দেসলিগায় অভিষেক হয়েছিল উইর্টজের। আর শুরু থেকেই নজর কেড়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে সে সময় বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাবও নিজের করে নিয়েছিলেন। লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৪৪টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। শুধু পরিসংখ্যানেই নয়, মাঠের খেলায়ও তিনি প্রভাব বিস্তার করেছেন। গত মৌসুমে তাকে বুন্দেসলিগার সবচেয়ে প্রভাবশালী ড্রিবলার হিসেবে বিবেচনা করা হয়।

উইর্টজ লিভারপুলের গ্রীষ্মকালীন দলবদলের দ্বিতীয় বড় চুক্তি। এর আগে বুন্দেসলিগার রানার্সআপ লেভারকুসেন থেকেই ডাচ রাইটব্যাক জেরেমি ফ্রিমপংকে দলে টেনেছিল অলরেডরা। এক ক্লাব থেকে দুইজন শীর্ষ খেলোয়াড় দলে ভেড়ানো থেকে স্পষ্ট যে, লিভারপুল আগামী মৌসুমে বড় কিছু করার পরিকল্পনায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top