shomoynew_wp969 সবচেয়ে বেশি জার্সি বিক্রি: মেসির সঙ্গে আছেন এক বাংলাদেশি বংশোদ্ভূতও | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সবচেয়ে বেশি জার্সি বিক্রি: মেসির সঙ্গে আছেন এক বাংলাদেশি বংশোদ্ভূতও


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৭:০২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

২০২৩ সালের মাঝামাঝিতে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর যুক্তরাষ্ট্রের ফুটবল অর্থনীতি আমূল বদলে গেছে। মেজর লিগ সকারের (এমএলএস) আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে টিকিট বিক্রিও।

প্রত্যাশিতভাবে মেসির জার্সিও বিক্রির শীর্ষে। সব মিলিয়ে টানা তিন মৌসুম আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। গত রাতে এমএলএসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। এ সময়ে এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস।

এ মৌসুমে মেসির পর সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে তাঁর সতীর্থ লুইস সুয়ারেজের। শীর্ষ বিশে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও আছেন। তিনি কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৫ বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় ১৮তম।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমানে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা অলিভিয়ের জিরুর (১৯) চেয়েও কাভান সুলিভানের জার্সি বেশি বিক্রি হয়েছে। লিগে সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে কাভানের জার্সিই সমর্থকেরা বেশি কিনেছেন।

চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে থাকা ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্সের চারজন করে মোট আট ফুটবলারের নাম আছে শীর্ষ ২৫–এর তালিকায়। সব মিলিয়ে ১২টি ক্লাবের ফুটবলার শীর্ষ ২৫–এ জায়গা করে নিয়েছেন।

এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেজর লিগ সকার–ভক্তদের মন জয় করেই চলেছেন মেসি। টানা তৃতীয় মৌসুমে এমএলএস জার্সির সর্বাধিক বিক্রীত তালিকায় তিনি শীর্ষে।’

সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় মেসি ও সুয়ারেজের নাম শীর্ষ দুইয়ে থাকাটা ইন্টার মায়ামির জন্য বড় সুখবর। তবে ফিফা ক্লাব বিশ্বকাপে মাঠ থেকে মেসিরা সমর্থকদের জন্য ভালো খবর বয়ে আনতে পারেননি।

গত রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিসরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করে মায়ামি। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে এফসি পোর্তো–পালমেইরাসও ড্র করার পর মায়ামি নেমে গেছে পয়েন্ট তালিকার তলানিতে।

আজ রাতে এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচের আগে ট্রেনিং ক্যাম্প থেকে এসেছিল আরেক দুঃসংবাদ। অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন মেসি। সেই মুহূর্তে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানোর সঙ্গে একান্তে আলাপ করতে দেখা যায় মেসিকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে তৈরি হয় উৎকণ্ঠা।

তবে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে মাচেরানো মজা করে বলেছেন, ‘একজন মানুষ আরেকজনকে মাঝে মাঝে স্পর্শ করতেই পারে।’ এরপর সমর্থকদের মন থেকে উৎকণ্ঠা দূর করেছেন, ‘লিও ভালো আছে। সে পুরো সময় অনুশীলন করেছে। পোর্তোর বিপক্ষে খেলবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top