shomoynew_wp969 ‘পার্টটাইমার’ অকল্যান্ডকে গুনে গুনে ১০ গোল, বিশ্বরেকর্ড বায়ার্নের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘পার্টটাইমার’ অকল্যান্ডকে গুনে গুনে ১০ গোল, বিশ্বরেকর্ড বায়ার্নের


প্রকাশিত:
১৬ জুন ২০২৫ ০৩:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২

ছবি সংগৃহীত

কেউ ছাত্র, কেউ বা শিক্ষক আবার কেউ কাজ করেন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে! দলের অনেক খেলোয়াড় এসেছেন বিনা বেতনে ছুটি নিয়ে। এদের নিয়েই দল গড়েছে অকল্যান্ড সিটি। মাঠের লড়াইয়ে তাই যা হওয়ার, সেটিই হয়েছে। অপেশাদার অকল্যান্ড সিটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বায়ার্ন মিউনিখ।

ফিফা ক্লাব বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে গতকাল রাতে গুনে গুনে ১০ গোল দিয়েছে বায়ার্ন। ইনজুরি থেকে ফিরে মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এদিন ভেঙে গেছে চার বছরের পুরোনো রেকর্ড। ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

আগে এই রেকর্ডটি ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের। ২০২১ ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরাকে ৬-১ গোলে হারিয়েছিল আল হিলাল। ৪ বছর আগে এই ম্যাচটি হয়েছিল আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে।

প্রথম হাফে অকল্যান্ডের জালে ছয় গোল দেয় বায়ার্ন। গোল করেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার। জোড়া গোল করেন ওলিসে এবং কোম্যান। দ্বিতীয় হাফে আরও চার গোল করে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় হাফে ৬৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা। বাকি গোলটি আসে মুলারের পা থেকে। বায়ার্নের পরের ম্যাচে ২১ জুন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের বিপক্ষে।

বায়ার্নের রেকর্ড গড়ার রাতে সহজ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ‘বি’ গ্রুপের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল চারটি করেছেন ফ্যাবিয়ান রুইজ, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি ক্যাং-ইন।

যার মধ্যে প্রথমার্ধে ১৯ ও ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করেন রুইজ ও ভিতিনিয়া। পিএসজির বাকি দুই গোল এসেছে ম্যাচের শেষভাগে এসে। ৮৭ মিনিটে মায়ুলুর পা থেকে আসে গোল। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন লি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top