shomoynew_wp969 সর্বোচ্চ ‘নো’ বলের রেকর্ড রাবাদার, প্রোটিয়াদের বিব্রতকর সেঞ্চুরি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সর্বোচ্চ ‘নো’ বলের রেকর্ড রাবাদার, প্রোটিয়াদের বিব্রতকর সেঞ্চুরি


প্রকাশিত:
১৩ জুন ২০২৫ ০১:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪

ছবি সংগৃহীত

ক্রিকেট ম্যাচে অস্বাভাবিক ‘নো’ বলের সূত্র ধরে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনার সন্দেহ এবং পরে সেটি সত্যি বলেও প্রমাণিত হয়েছে। যদিও নো বল খেলারই অংশ। কিন্তু সেই বিষয়টিতে বর্তমানে একটু বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত টেস্টেই কেবল ৫৭টি নো বল করেছেন। তার ধারেকাছে নেই আর কেউই।

অথচ এদিক থেকে দ্বিতীয় স্থানে থাকা জাসপ্রিত বুমরাহ করেছেন ২৪টি নো বল। গত ৮ মাসে তিনি টেস্টে এসব নো বল করেন। অর্থাৎ, ভারতীয় তারকার চেয়ে দ্বিগুণেরও বেশি নো বল করেছেন শীর্ষে থাকা রাবাদা। এই তালিকায় যথাক্রমে আছেন– গুস অ্যাটকিনসন (২০), মার্কো জানসেন (১৮), উইয়ান মুল্ডার (১৮) ও ড্যান প্যাটারসন (১৭)। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই পরিসংখ্যান জানিয়েছে।

নো বলের এই তালিকায় শীর্ষ ছয়জনের ভেতর চারজনই দক্ষিণ আফ্রিকার। বুমরাহ-অ্যাটকিনসন মাঝে নিজেদের নাম বসিয়ে প্রোটিয়াদের আরও বড় লজ্জা থেকে যেন মুক্তি দিলেন! ফলে সবমিলিয়ে টেম্বা বাভুমার দলটি বিব্রতকর সেঞ্চুরির রেকর্ডও গড়ল। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা নিজেদের গত ৭ টেস্টে ১১৩টি নো বল করেছে। এই রেকর্ডেও তাদের ধারেকাছে কেউ নেই। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৬১টি নো বল করেছে ভারত।

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। যেখানে রীতিমতো ঝড় তুলছেন উভয় দলের বোলাররা। দুই দিনেই তারা উভয়পক্ষের ২৮টি উইকেট তুলে নিয়েছে। বাকি ১২ উইকেট নিয়ে আজ (শুক্রবার) তারা তৃতীয় দিনে খেলতে নামবে। অর্থাৎ, আজই নির্ধারণ হয়ে যেতে পারে টেস্টের শিরোপা। দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। সবমিলিয়ে তাদের লিড ২১৮।

এই পুঁজি দেখতে ছোট মনে হলেও, প্রথম ইনিংসে চোখ রাখা ব্যক্তি মাত্রই এর তেজ বুঝতে পারবেন। প্রথম ইনিংসে অজিদের করা ২১২ রানের বিপরীতে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৩৮ রানে। ফলে প্যাট কামিন্সের দলের বর্তমান লিড দাঁড়াল ২১৮–তে। এই পুঁজিও যে জয়ের জন্য যথেষ্ট হতে পারে অস্ট্রেলিয়াকে সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে লর্ডসের পরিসংখ্যান। এখন পর্যন্ত অভিজাত এই ভেন্যুতে কেবল চারবার ২০০–রানের বেশি লক্ষ্য পেরোনোর নজির রয়েছে। ২০০৫ সালের পর কেবল একবারই সেই দৃশ্য দেখেছে ক্রিকেটবিশ্ব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top