shomoynew_wp969 হামজাকে নিয়ে যা বললেন মাশরাফি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হামজাকে নিয়ে যা বললেন মাশরাফি


প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫ ০২:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১২

ছবি সংগৃহীত

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের।

হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। যা ছুঁয়ে গেছে খোদ হামজাকেও। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। এবার বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

আশা দেখলেও বাস্তবতার পথে হাঁটতে চান ম্যাশ। রাতারাতি সব পাল্টে যাবে না বলেও মনে করেন তিনি। লিখেছেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।’

সবশেষে লিখেছেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে।
ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top