shomoynew_wp969 এটা দুবাই, নিজেদের মাঠ না– কোন প্রসঙ্গে বললেন রোহিত? | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এটা দুবাই, নিজেদের মাঠ না– কোন প্রসঙ্গে বললেন রোহিত?


প্রকাশিত:
৪ মার্চ ২০২৫ ০০:১৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯

ছবি সংগৃহীত

স্বাগতিক পাকিস্তানে না, নিরেপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলছে ভারত। এই নিয়ে অভিযোগ আর সমালোচনার শেষ নেই। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলার সুবাদে বাড়তি সুবিধা পাচ্ছে এমন একটা অভিযোগ ছিল শুরু থেকেই। পাকিস্তান, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা আইসিসি এবং বিসিসিআইকে নিয়ে করেছেন কড়া সমালোচনা।

তাদের মতে, এই ব্যবস্থার কারণে ভারত অন্য দলের তুলনায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বেশি সুযোগ পাচ্ছে। যদিও এসব নিয়ে শুরু থেকে নিশ্চুপই ছিলেন ভারতের অধিনায়ক রোহিত বা পুরো টিম ম্যানেজমেন্ট।

তবে এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়া ম্যাচের আগে এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘প্রতিবারই পিচ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা এখানে তিনটি ম্যাচ খেলেছি এবং তিনবারই পিচ ভিন্নভাবে আচরণ করেছে। এটি আমাদের ঘরের মাঠ নয়, এটি দুবাই। আমরা এখানে বেশি ম্যাচ খেলি না, তাই এটি আমাদের জন্যও নতুন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘এখানে চার থেকে পাঁচটি ভিন্ন ধরনের পিচ ব্যবহার করা হচ্ছে। আমি জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। তবে যাই হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি বুঝে খেলতে হবে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ম্যাচের প্রসঙ্গ টেনে রোহিত বলেন, ‘আমরা দেখেছি, যখন নিউজিল্যান্ডের বোলাররা বল করছিল, তখন সামান্য সুইং পাচ্ছিল। কিন্তু আগের দুই ম্যাচে আমাদের বোলাররা সে রকম সুইং পায়নি। শেষ ম্যাচে তেমন স্পিন দেখা যায়নি, কিন্তু আজ কিছুটা পাওয়া গেছে। অর্থাৎ, প্রতিটি পিচে ভিন্ন কিছু ঘটছে। তাই আমরা জানি না কোনও পিচ কেমন আচরণ করবে।’

ভারতীয় দল দুবাইয়ে আগেভাগে পৌঁছানোর কারণে দ্রুত মানিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মনে করেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ ছিল। সৌভাগ্যবশত, আমরা পাঁচ-ছয় দিন আগে এখানে এসেছি, ভালো অনুশীলন করেছি। ফলে দ্রুত মানিয়ে নিতে পেরেছি এবং তিনটি ম্যাচেই ভালো খেলেছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top