shomoynew_wp969 ৪২ দিন পর আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়া | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৪২ দিন পর আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়া


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪ ০১:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৮

ফাইল ছবি

বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি না থাকলেও নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্ত এক নাম উত্তর কোরিয়া। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে আলাদা নজর থাকে রাজনৈতিকভাবে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এই দেশটির ওপরে। উত্তর কোরিয়ার মেয়েরা তাতে হতাশও করেনি। মাত্র ৪২ দিনের মাথায় নিজ দেশে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা নিয়ে গেল দেশটির মেয়েরা।

ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ ভোরে স্পেনকে টানটান উত্তেজনার এক ম্যাচে হারিয়েছে উত্তর কোরিয়া। ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া।

এর আগে মাত্র ৪২ দিন আগেই জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল উত্তর কোরিয়ার নারী দল। সেটি ছিল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তাদের তৃতীয় শিরোপা। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এবার স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজেদের তৃতীয় শিরোপা উদযাপনের সুযোগ পাচ্ছে আলোচিত দেশটি।

ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। অন্তত বারতিনেক স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা।

পুরো ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ায় খেলা। সেখানেই কপাল পোড়ে স্পেনের। আর উত্তর কোরিয়া ঘরে তোলে নিজেদের তৃতীয় বয়সভিত্তিক এই বিশ্বকাপের শিরোপা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top