shomoynew_wp969 পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪ ০৫:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

ছবি-সংগৃহীত

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে টানা জয় ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রেসরা টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ শুরু করেছিল। এবার সিরিজের আরেক দল পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৩৬ রানের পুঁজি গড়ার পর, পাকিস্তানকে তারা ১০০ রানে আটকে দিয়েছে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে।

আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। যেখানে যুব টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।

জবাবে ব্যাট করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা। এছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে শিকার ধরেন। ২৩ ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাতীয় দলের স্পিনার রাবেয়া।

এর আগে বাংলাদেশের রানতাড়ায় শুরুতে দারুণ ব্যাট করেন পাকিস্তানের ওপেনাররা। বলতে গেলে পুরো ইনিংসে তারা দুজনই ভালো পারফর্ম করেছেন। ফাতিমা-সামিয়ার ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে তোলে ১০০ রান।

প্রথম ইনিংসে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ওপেনার ইভা মাত্র ৬ রানে সাজঘরে ফিরলে ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেন ২৪ রান। তিনে নেমে তার সঙ্গে জুটি বাধা আরভিন তানিও দারুণ ব্যাটিং করেছেন। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। শেষে ঝোড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন আনোশা নাসির। এছাড়া অধিনায়ক মাহনুর আফতাব ও মাহাম আনিস একটি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top