shomoynew_wp969 ওতামেন্দির গোলে আর্জেন্টিনার জয় | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ওতামেন্দির গোলে আর্জেন্টিনার জয়


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩ ২৩:৩৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২

ছবি: সংগৃহীত

কদিন বিরতির পর ফের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে দলগুলো। শুক্রবার (১৩ অক্টোবর) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্তালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেলে স্কালোনির শিষ্যরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

ঘরের মাঠে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। কর্নার থেকে রদ্রিগো ডি পলের ক্রস ডি-বক্সে দখলে নেন ওতামেন্দি। দূরের পোস্টে থাকায় তিনি ছিলেন কিছুটা অরক্ষিত। প্যারাগুয়ের ডিফেন্ডাররা তাকে বাধা দেয়ার আগেই জোরালো শটে তিনি বল জালে জড়ান। কোনো সুযোগই পাননি প্যারাগুয়ের গোলরক্ষক কার্লোস। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত একের পর এক আক্রমণ শাণিয়েছে স্ক্যালোনির শিষ্যরা। ২৬তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় শটে নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্যারাগুয়ের জাল অক্ষত রাখেন কার্লোস। প্রথমার্ধে শেষ দিকে দলের লিড দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন নিকোলাস গঞ্জালেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় আলবিসেলেস্তেদের।

দ্বিতীয়ার্ধে বিরতি থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে নামা মেসি ও তাদের সতীর্থদের এদিন সুযোগ তৈরি করতে দেয়নি প্যারাগুয়ের রক্ষণভাগ। ম্যাচের ৭২ মিনিটে দুর্দান্ত এক কর্নার নেন মেসি। ডান কর্নার থেকে বাঁ পায়ে নেয়া তার ক্রস একটুর জন্য জালে জড়ায়নি। বল দূরের পোস্টে লেগে বাইরে চলে যায়।

যোগ করা সময়ে প্রায় মাঝমাঠ থেকে একাই বল টেনে প্রতিপক্ষের রক্ষণ দুর্গে ঢোকার চেষ্টা করেন মেসি। তবে ডি-বক্সে ঢোকার আগেই প্যারাগুয়ের ডিফেন্ডাররা তাকে ফাউল করে বসে। প্রায় ২০ মিটার দূরত্ব থেকে ফ্রি-কিক নেন মেসি। দুর্ভাগ্যবশত তার শটটি সাইড বারে লেগে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top