shomoynew_wp969 ওমর (রা.) ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা কী করেছিল? | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ওমর (রা.) ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা কী করেছিল?


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৭:৩৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি সংগৃহীত

ওমর রা. ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে কঠোর ছিলেন। আল্লাহর রহমতে তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন। এতে পুরো কুরাইশে হইচই পড়ে যায়। মুসলমান হওয়ার পর তিনি জানতে চাইলেন, কুরাইশের কে সংবাদ প্রচার করে?

একজন বলল, জামিল ইবনে মা‘মার। তিনি জামিল ইবনে মা‘মারের কাছে গিয়ে বললেন, তুমি কি জানো, আমি মুসলমান হয়ে গেছি এবং মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দ্বীন গ্রহণ করেছি?

জামিল উত্তর না দিয়ে ত্বরিত উঠে দাঁড়াল। ওমর রা. তার পেছনে চললেন। জামিল কা‘বার দরজায় গিয়ে ঘোষণা করল, হে কুরাইশ, ইবনুল খাত্তাব ‘সাবী’ হয়ে গেছে!

ওমর রা. পেছন থেকে প্রতিবাদ করে বললেন-

كَذَبَ، وَلَكِنِّي أَسْلَمْتُ وَآمَنْتُ بِاللهِ وَصَدّقْتُ رَسُولَهُ

সে মিথ্যা বলেছে; আমি বরং ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলকে বিশ্বাস করেছি।

এ কথা শোনামাত্র কুরাইশের লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। সূর্য মাথার উপর ওঠা পর্যন্ত লড়াই চলল। একপর্যায়ে উমর রা. ক্লান্ত হয়ে বসে গেলেন। কুরাইশের লোকেরা তার মাথার উপর দাঁড়িয়ে রইল। তিনি তাদের বলছিলেন-

افْعَلُوا مَا بَدَا لَكُمْ، فَوَاللهِ لَوْ كُنّا ثَلَاثَمِائَةِ رَجُلٍ لَقَدْ تَرَكْتُمُوهَا لَنَا أَوْ تَرَكْنَاهَا لَكُمْ

তোমাদের যা ইচ্ছা কর। আল্লাহর কসম, আমরা যদি তিন শ লোক হতাম তাহলে তোমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হত। নতুবা আমরা মক্কা ছেড়ে চলে যেতাম।

এমতাবস্থায় রেশমি কাপড় পরিহিত এক লোক এসে জিজ্ঞাসা করল, তোমাদের কী হয়েছে? তারা বলল, ওমর ‘সাবী’ হয়ে গেছে। লোকটি বলল, তাকে ছেড়ে দাও। একজন নিজের জন্য একটা ধর্ম পছন্দ করেছে, এতে তোমাদের কী? তোমরা কি মনে কর, বনী আদী তাদের লোককে তোমাদের হাতে এমনিতেই ছেড়ে দেবে? তাকে ছেড়ে দাও।

একথা শুনে কুরাইশের লোকেরা ওমর রা.-কে ছেড়ে দিল। মনে হল তার শরীর থেকে যেন একটা চাদর সরিয়ে নেওয়া হল। -সহীহ ইবনে হিব্বান, বর্ণনা ৬৮৭৯; সীরাতে ইবনে হিশাম ১/৩৭৪

এ ঘটনা প্রমাণ করে উমর রা.-এর ঈমান অত্যন্ত দৃঢ় ছিল। তাই ঈমানের জন্য তিনি কাফেরদের মারধর-নির্যাতন হাসিমুখে বরণ করেছেন। শুধু তাই নয়; তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কাফেররা যা খুশি করতে পারে, কিন্তু তিনি ঈমান ত্যাগ করবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top