shomoynew_wp969 তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার : আমীর খসরু | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার : আমীর খসরু


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ০৭:৫৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

ছবি : সংগৃহীত

তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার (মশালবাহী) বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান। পুরো জাতিকে তিনি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো— আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে।

বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি মন্তব্য করে তিনি বলেন, তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজকে আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১ এর পক্ষে ছিল। তারা ১/১১ এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। এরপরে স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।

বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এটা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে এবং আমরা সেটির প্রতিফলন দেখেছি। সারা বিশ্বে এত বড় জানাজা হয়েছে, সেটা আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য বেগম জিয়ার মনে জায়গা ছিল। সেটা আমাদেরকে ধরে রাখতে হবে।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে এসময় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top