shomoynew_wp969 যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে, ভারতকে দুদু | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে, ভারতকে দুদু


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪ ০৫:১০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

ছবি সংগৃহীত

ফ্যাসিবাদ না গণতন্ত্র, কোন পক্ষে থাকবেন সেই সিদ্ধান্ত নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনও ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতোমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা হবে তাড়াতাড়ি। তা না হলে যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা ভারতের জন্যও ভালো না, আমাদের দেশের জন্যও ভালো না।

সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। কোনো হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পায়তারা করছে। এই দেশ (ভারত) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনো দিনও মানতে চায় না। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো দলকে মেনে নিতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলব বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার জাতি না। বাঙালি জাতি বিশ্বের অন্যতম বীরের জাতি। কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে।

তিনি আরও বলেন, দেশের এই কঠিন সময়ে জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। যেকোনোভাবে আমাদের জাতির ঐক্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যে ঐক্যের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে।

দুদু বলেন, দেশে ছোটখাটো ঘটনা ঘটতে পারে। সেই ছোটখাটো ঘটনা দিয়ে ফ্যাসিবাদের দোসররা যদি মনে করে শেখ হাসিনাকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এদেশের জনগণ কখনও ফ্যাসিবাদের সমর্থন করে না। এদেশের জনগণ যাকে প্রত্যাখ্যান করে তাকে আর কখনও গ্রহণ করে না। এটা শেখ হাসিনা বুঝতে পারেনি।

তিনি আরও বলেন, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগের মতই আছে তেমনটা কমেনি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক। দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে নানা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল, সেটা অনেকটাই দুর্বল। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান আসাদ, কৃষক দল নেতা এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top