shomoynew_wp969 জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে: হাছান মাহমুদ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে: হাছান মাহমুদ


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪ ০৬:১০

আপডেট:
২৭ জানুয়ারী ২০২৪ ০৬:২৩

ছবি-সংগৃহীত

জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তাদের আন্দোলনে বিদেশিরা সাড়া দেয়নি। দেশের জনগণ তাদের কালো পতাকা দেখিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর নতুন ষড়যন্ত্র করতে চায়, ইঁদুর যেমন গর্ত থেকে মিটিমিটি তাকায়, বিএনপিও তেমনি মিটিমিটি তাকিয়ে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে।’

একই সমাবেশে বক্তৃতাকালে আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নির্বাচন কোনো দল বয়কট করলে কিছু যায় আসে না। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচালের কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।’

হানিফ বলেন, ‘এরা পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এই দল এখন মানুষের কাছে সন্ত্রাসী দল। সন্ত্রাস করে এই দেশের কোনো কিছু অর্জন করা যায় না। এটা প্রমাণিত হয়েছে। আমরা আহ্বান জানাই, যারা পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে, এদের বাংলাদেশ থেকে চিরবিদায় জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

শান্তি ও গণতন্ত্র সমাবেশটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top