shomoynew_wp969 দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০

ছবি সংগৃহিত

বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের সব মানুষ ও বিরোধী দল অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, এখন দেশের মানুষ বিশ্বাস করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দেশের সব মানুষ, সব বিরোধী দল এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অবস্থান কর্মসূচির আয়োজন করে আমার দেশ আমার অধিকার নামে একটি সংগঠন।

অবস্থান কর্মসূচিতে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের বয়স অর্ধশত বছর। যে দেশটি গণতন্ত্র, স্বাধীনতার জন্য যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে ৫২ বছর পরও মানুষকে ভোটাধিকারের কথা বলতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। মানুষ ভোট দিতে পারে না, মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা রাখে না। এজন্য তারা (জনগণ) এখন রাস্তায় নেমেছে, লড়াই করছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে হতাশ হয়ে বলছেন, তার ছেলের সম্পদ, ব্যবসা, বাড়ি যদি জব্দ হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাতেও তার বলার কিছু নেই। বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী, যে তার সন্তানের সম্পদ রক্ষা করতে পারছে না, নিজের উপদেষ্টাকে রক্ষা করতে পারছেন না। তাহলে তিনি বাংলাদেশকে কিভাবে রক্ষা করবেন? এমন কোনো পরিস্থিতি সভ্য কোনো দেশে হলে, সেই দেশের সরকার প্রধান দ্রুত পদত্যাগ করতো। অন্যকে রক্ষা করার দরকার নেই, গণতন্ত্র রক্ষা করলেই যথেষ্ট ছিল। তাহলে আজকে এই পরিস্থিতি দেশের হতো না।

গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিশ্ববাসীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের মানবাধিকার, ভোটাধিকার, গণন্ত্রের পাশে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা (সরকার) আটকে রাখবেন, আর বড় বড় কথা বলবেন, এটা দেশবাসী মানবে না। অনতিবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশ নায়ক তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিতে হবে।

আমার দেশ আমার অধিকারের সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ জোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সভাপতি মোক্তার আখন্দ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top