shomoynew_wp969 এক সেলফিতেই বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে : কাদের | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এক সেলফিতেই বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে : কাদের


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ১০:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯

ছবি সংগৃহিত

জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি দেখে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আইইবি মিলনায়তনে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নয়া দিল্লির একটি সেলফি দেখে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন কাকে দেখাবে, কে নিষেধাজ্ঞা দেবে, কে ভিসানীতি দেবে? এসব আমরা ভয়পাই না। আমরা জনগণের সঙ্গে আছি। আমাদের নেত্রী শেখ হাসিনা, ওদের (বিএনপি) তো নেতা নেই। আজকে লাফালাফি বন্ধ হয়ে গেছে। অনেক করেছেন... দিন যায়, মাস যায়, দেখতে দেখতে ১৫ বছর, আন্দোলন হবে কোন বছর? বিএনপি মানুষের মনে আস্থা রাখতে পারছে না।

দুই মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ড. ইউনুসের পক্ষে বিশ্ববরেণ্য ১৬০ ব্যক্তির সই করা বিবৃতি কেনা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিবৃতি কিনতে দুই মিলিয়ন ডলার লেগেছে। কোথায় থেকে পান এত টাকা? শ্রমিকদের টাকা আত্মসাৎ করে এগুলো চলছে?

যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম রাজনীতিতে যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে বেশ ভালো কাজ। এখানে যারা আসে তারা সারাজীবন যুবলীগ করবে না। খারাপ যুবক আমাদের প্রয়োজন নেই। খারাপ ২০ জনের চেয়ে ভালো দুইজন অনেক ভালো। খারাপরা নিজের অর্জনকে বির্সজন দেয়। খারাপ আচারণের জন্য আমাদেরকে মানুষের কাছে ছোট করে। আমরা জনগণের দল, জনগণের সঙ্গে আছি, জনগণকে ভালোবাসি আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল নয়।

তিনি বলেন, আমি তো মনে করি যুবলীগ রাজপথের আন্দোলন-সংগ্রামে এক বৈশাখী ঝড়। নেত্রী কোনো ভুল করেননি। এখন পর্যন্ত যুবলীগ আন্দোলন-সংগ্রামে শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ। যুবলীগ এখন পর্যন্ত অন্য সংগঠনের অনুকরণীয়। যুবলীগের ভালো কাজের প্রশংসা হওয়া উচিত। তাহলে আরও বেশি করে ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে।

যুবলীগ চেয়ারম্যান ভালো বক্তৃতা দেন জানিয়ে মন্ত্রী বলেন, রাজনীতিতে পড়াশোনার কোনো বিকল্প নেই। গদবাধা কথা এখন আর কেউ শুনতে চায় না। কথা বলতে হবে রাজনীতির বস্তুগত প্রস্তুতি, সুসংগঠিত প্রস্তুতির আলোকে বঙ্গবন্ধু ও আমাদের নেত্রীর উন্নয়ন কর্মযজ্ঞের আলোকে বক্তৃতা দিতে হবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top