shomoynew_wp969 নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না : মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না : মির্জা ফখরুল


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৩ ১২:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৯

ছবি সংগৃহিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কর্তৃক সংলাপের চিঠি পাঠানোয় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,বর্তমানে মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অর্থহীন।

২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, যেহেতু মূল রাজনৈতিক সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নির্বাচন কমিশন প্রস্তাবিত আলোচনা ও মতবিনিময়ে সম্ভব নয়, সে কারণে বিএনপি এই সংলাপের প্রস্তাব গ্রহণ করছে না।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সরকারের ভূমি দপ্তরের কর্মচারী সুলতানা জেসমিনকে র‍্যাব বেআইনিভাবে তুলে নেওয়া এবং নির্যাতনের ফলে তার মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি মনে করে, সম্পূর্ণ বেআইনিভাবে একজন নারীকে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই তুলে নেওয়া এবং ফলশ্রুতিতে মৃত্যু আবারও প্রমাণ করেছে এই সরকারের অধীনে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেচ্ছভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলছে। সুলতানা জেসমিন র‌্যাব কাস্টডিতে মারা গেছেন, যা চরমভাবে মৌলিক অধিকারের লঙ্ঘন।

আগামী ১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে গৃহীত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব শাখাকে অনুরোধ জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top