shomoynew_wp969 আদি বুড়িগঙ্গা পূর্ণরূপে না আসা পর্যন্ত অভিযান চলবে: তাপস | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আদি বুড়িগঙ্গা পূর্ণরূপে না আসা পর্যন্ত অভিযান চলবে: তাপস


প্রকাশিত:
২ নভেম্বর ২০২২ ১৮:২৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৩

ছবি সংগৃহীত

আদি বুড়িগঙ্গা পূর্ণরূপে ফিরে না আসা পর্যন্ত উচ্ছেদ অভিযান, খনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেলে চলমান পরিষ্কার, খনন ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তাপস বলেন, আমরা অক্টোবর থেকে আদি বুড়িগঙ্গা খনন, সীমানা নির্ধারণ এবং দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছি। আজ সেই কার্যক্রম পরিদর্শনে আমি আবারও এসেছি। আপনারা লক্ষ্য করেছেন, কালুনগর স্লুইস গেটের যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, অক্টোবর মাসেও এখানে পুরো বন্ধ অবস্থায় ছিল। এখানে যে নদীর খাল বা অববাহিকা তা দৃশ্যমান ছিল না।

তিনি বলেন, আজ সেই নদীর পরিবেশ দৃশ্যমান হয়েছে। আমরা অনেক দখলমুক্ত করেছি। এখানে বিভিন্ন কারখানা, বড় বড় ভবন, দশতলা ভবন- সেগুলো ভাঙার প্রক্রিয়া এখনো চলমান। নদীর পাশ দিয়ে দুটি ঢাল বা দুটি তীর এখন দৃশ্যমান হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে আমরা আদি বুড়িগঙ্গা ফিরিয়ে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে।

আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার পরবর্তীসময়ে কর্মপরিকল্পনা জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আদি বুড়িগঙ্গার পুরো সাত কিলোমিটারই আমরা দখলমুক্ত করবো। নতুন করে খনন করবো এবং দুপাশ দিয়েই হাঁটার পথ, সাইকেল চালানোর পথ এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো। একা অত্যন্ত দুরূহ এবং বিশাল কর্মযজ্ঞ। আমরা শুরু করেছি মাত্র একটু সময় নেবো। কিন্তু আমরা আশাবাদী, ঢাকাবাসী একটি নান্দনিক পরিবেশ পাবে। নদীকে ফিরে পাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমরা কেবল কাজ শুরু করলাম। এই কাজটি বর্ষা মৌসুমের আগে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কারণ বর্ষার মধ্যে কাজ করা আরও দুরূহ। সুতরাং আমি মনে করি যে, আগামী মার্চের মধ্যেই আমরা আরও অনেক কাজ দৃশ্যমান করতে পারবো। নদীর অববাহিকা দেখতে পাবো।

এর আগে মেয়র শেখ তাপস ডেমরা এলাকায় দক্ষিণ সিটির ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন, ফ্রেঞ্চ রোডের চলমান উন্নয়ন কার্যক্রম ও মাজেদ সরকার সড়কের বর্তমান অবস্থা পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top