shomoynew_wp969 দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭

 ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উপকূলীয় ১৫ জেলার চরের নিম্নাঞ্চলে ২ ফুট পর্যন্ত উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রোববার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা ছিল বেশি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৯৮ মিলিমিটার।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুরের দিকে হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান খো. হাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top