shomoynew_wp969 সরকারি অফিসের নতুন সময়সূচী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সরকারি অফিসের নতুন সময়সূচী


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ১৭:০৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

 ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং ব্যাংকের কার্যক্রম ১০-৫টার পরিবর্তে ৯-৪টা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারি চাকরিজীবীরা এতদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা অফিস করতেন। সেই হিসাবে এখন থেকে তাদের দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা করে কমলো।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে কেবিনেটের বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সুবিধাজনক অবস্থায় নিজেরা নির্ধারণ করবে। যতদিন বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে একটা সুবিধাজনক অবস্থায় না আসবে, ততদিন এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর মধ্যে আমন ধানের সেচ সুবিধা ও সার কারখানার জন্য অবিলম্বে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়টা নির্দিষ্ট করবে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

 

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top