shomoynew_wp969 ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫ ১৫:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯

ফাইল ছবি

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫টি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের সাময়িকভাবে সুপারিশ করা হয়।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের পত্রের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার (অধিযাচন বাতিল) করা হয়। ফলে এসব পদে সুপারিশ কার্যকর হয়নি।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্যের ভিত্তিতে এই সুপারিশ দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ ও ডকুমেন্টের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যদি আবেদনপত্রে জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য দেন, তথ্য গোপন করেন, জাল সনদ জমা দেন, বয়স বা শিক্ষাগত যোগ্যতার সনদে টেম্পারিং করেন কিংবা প্রতারণায় জড়িত থাকেন তাহলে তার মনোনয়ন বাতিল হবে। এ ছাড়া, গুরুতর অপরাধ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এ ধরনের তথ্য প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোনীত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে উচ্চতা, বুকের মাপ ও ওজনসহ অন্যান্য তথ্যও যাচাই করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে। কমিশন থেকে মনোনয়ন পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগ দেবে।

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top