shomoynew_wp969 হজের টাকা জমা দেওয়ার জন্য শনিবার ব্যাংক খোলা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হজের টাকা জমা দেওয়ার জন্য শনিবার ব্যাংক খোলা


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫ ১২:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫

ফাইল ছবি

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখতে হবে। একই সঙ্গে আগামী ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়। প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

হজ এজেন্সিগুলোর জন্য এবার ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১ হাজার ১৮৫ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে যেতে পারবেন।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো অর্থ আবশ্যিকভাবে জমা দিতে হবে। ৯ নভেম্বর হজ চুক্তি এবং আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি করতে হবে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। ১৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top