shomoynew_wp969 পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : পরিবেশ উপদেষ্টা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : পরিবেশ উপদেষ্টা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ০৩:০৪

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০৩:০৮

ছবি সংগৃহীত

পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন কারও কাছে আমরা পলিথিন পেলে জব্দ করে নিয়ে যাব। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটি সাইজের পাটের ব্যাগে আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? ছয় মাস ব্যবহার করতে পারবেন, এক বছর ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, আমাদের দেশ বদলাতে হলে মনস্তত্ত্ব বদলাতে হবে। আমরা সব প্লাস্টিক বন্ধের কথা বলছি না। যেই প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে ফেলে দেই, সেগুলোর কথা বলছি। বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের কথা।

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে পলিথিন শপিংব্যাগ নিষিদ্ধ করেছিল। ২০০২ থেকে আজকে ২০২৫ সালে আছি। পলিথিন শপিং ব্যাগের বাস্তবতা, নেতিবাচকি আপনারা সবাই জানেন। তারপরেও কেন এটা ব্যবহার করবেন?

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পলিথিন শপিংব্যাগ বর্জন করতে হবে। এ কারণে আমরা পাটজাত দ্রব্য বানাচ্ছি। একইসঙ্গে আমাদের পাটকলগুলো কার্যাদেশ পেয়ে চালু হচ্ছে। আপনি মাছ বলেন, মাংস বলেন, সবই পাটের ব্যাগে দিবেন। যিনি কিনছেন তিনি বাসায় গিয়ে ধুয়ে নেবেন। তাহলে একটা পাটের ব্যাগ ছয় মাস ব্যবহার করতে পারবেন, এক বছর ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top