shomoynew_wp969 ‘সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে’ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে’


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১১:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৭

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এ চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে।

শনিবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন।

যারা বিদেশে যেতে চান, তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন।

দেশের ভাবমূর্তি রক্ষার্থে অনুরোধ করে আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে—আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

তিনি বলেন, নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা।

উপদেষ্টা বলেন, সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। গত বছরের জুলাই মাস থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। আগের অর্থবছরে একই সময়ে এসেছে ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার অর্থাৎ ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।

যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ ও আহত ভাইদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে মনে করেন কর্তৃপক্ষ। রেমিটেন্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top